ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ০৯ ফেব্রুয়ারী ২০১৭ ইং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল ১০টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। তিনি জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুক, পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট ড. আজিজুন্নেছা, প্রধান প্রকৌশলী শাহ মো. জিল্লুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মজিবুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সেরা নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়েছেন-ছাত্রদের মধ্যে আব্দুল কাদের রবিন রানার্স আপ হয়েছেন শ্রীকান্ত বিশ্বাস। ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন জান্নাতুল আদন আনিকা, রানার্স আপ হয়েছেন মুনকিরাতুল জান্নাত।
প্রতিযোগিতার মুল আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্টে ১ম স্থান অধিকার করে দ্রুততম মানব ও দ্রুততম মানবী হয়েছেন যথাক্রমে আব্দুল কাদের রবিন এবং জান্নাতুল আদন আনিকা।
বিকালে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মজিবুর রহমান।