Students

  Teachers

  Staffs

 



যথাযোগ্য মর্যাদায় সিভাসু’তে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন






যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপিত হয়েছে।    

একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। এরপর শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী ইউনিয়ন, অনুষদ, আবাসিক হল, প্রগতিশীল শিক্ষক ফোরামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।   

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ম্যুরালেও পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।  

অমর একুশের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৮টায় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণ এবং শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া।    

শহিদ দিবসের বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।