Students

  Teachers

  Staffs

 

যথাযোগ্য মর্যাদায় সিভাসু’তে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন





যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সিভাসু কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-জাতীয় পতাকা উত্তোলন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা এবং আলোচনাসভা।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা। সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো: আহসানুল হক এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন সিভাসু সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো: মিজানুর রহমান। আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভাসু অফিসার সমিতির সহসভাপতি মো: জালাল উদ্দিন, সিভাসু কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদ, সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. রাশেদ মাহমুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিভাসু শাখার সভাপতি ডা. জিয়া উদ্দিন ও সিনিয়র সহসভাপতি ডা. মাইনুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, আজকের দিনটি বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার এক অভূতপূর্ব ও ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তীতে তাঁর ঐতিহাসিক নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ প্রশস্ত হয় এবং অর্থনৈতিক স্বনির্ভরতা ও জাতীয় সংহতির এক নতুন যুগের সূচনা ঘটে।

উপাচার্য সবাইকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমান দেশপ্রেমিক, জাতীয়তাবাদী সরকারকে একটি নিরাপদ, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান।